কম্পিউটারে কাজ শিখতে চান ? আগে বেসিকটা শক্ত করুন
বর্তমানে অনেকেই আমাকে বলে,
“ভাই, কম্পিউটারে কাজ শিখতে চাই। এখন কী করা উচিত ?”
কিন্তু মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষই আসলে বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে। কী শিখবে, কোনটা আগে দরকার — এই জায়গাতেই তারা কনফিউজড হয়ে যায়।
এরপর যা হয়, আশেপাশের কারও কথা শুনে বা বিজ্ঞাপন দেখে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যায়। বেশিরভাগ জায়গাতেই শুরুতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এসব শেখানো হয়। শেখানো খারাপ কিছু না। অবশ্যই দরকারি জিনিস। কিন্তু সমস্যা হলো, একজন মানুষের যদি কম্পিউটার সম্পর্কে একদমই বেসিক ধারণা না থাকে, তাহলে সে আসলে এসব কতটুকু বুঝতে পারছে?
শুধু কোর্স করলেই দক্ষ হওয়া যায় না
আমার পরিচিত একজন ভাই প্রায় ৬ মাস ধরে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের কোর্স করেছিলেন। কোর্স শেষে নিজেও কিছু প্র্যাকটিস করতেন।
কিন্তু একদিন উনি আমাকে নক দিয়ে বললেন,
“ভাই, কম্পিউটারে বারবার Warning আসে।”
পরে গিয়ে দেখি অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার ইনস্টল হয়ে আছে।
আমি জিজ্ঞেস করলাম:
- কেন ইনস্টল করেছেন?
- কীভাবে ইনস্টল হয়েছে?
উনি কিছুই বলতে পারলেন না। পরে বললাম,
“ঠিক আছে, Uninstall করে ফেলেন।”
সেটাও উনি জানেন না কীভাবে করতে হয়। তখন বুঝলাম, সমস্যা ওয়ার্ড বা এক্সেল না শেখায় না। সমস্যা হলো — কম্পিউটারটাই ঠিকভাবে না জানা।
আরেকটা বাস্তব উদাহরণ
আরেকজনকে দেখেছি, সে ইউটিউব দেখে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছে। Photoshop ইনস্টল করেছে ঠিকই, কিন্তু কাজ করার সময় বারবার সফটওয়্যার Hang করত। পরে দেখি তার কম্পিউটারের Drive প্রায় পুরো ভরা, কোথায় কী ফাইল রেখেছে সেটাও জানে না। Temporary file কী, Storage কীভাবে manage করতে হয় — এসবের কোনো ধারণাই নেই।
ফলে কী হলো ?
ডিজাইন শেখার আগেই সে কম্পিউটার নিয়েই বিরক্ত হয়ে গেল।
বেসিক না জেনে সামনে এগোনো কঠিন
আসলে যে কোনো কিছু শেখার আগে তার ভিত্তিটা শক্ত হওয়া খুব জরুরি। কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক একই বিষয়।
কেউ যদি আমাকে বলে,
“ভাই, কম্পিউটারে কাজ শিখতে চাই।”
আমি প্রথমে বলি,
“আগে কম্পিউটার চালানো ভালোভাবে শিখুন।”
অনেকে এটা শুনে হয়তো মনে করে আমি ছোট করে বলছি। কিন্তু বাস্তবতা হলো, প্রফেশনাল কোনো স্কিল শেখার আগে কম্পিউটার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুব গুরুত্বপূর্ণ।
কী কী বেসিক জানা উচিত ?
একজন নতুন ব্যবহারকারীর অন্তত নিচের বিষয়গুলো জানা দরকার:
- সফটওয়্যার Install / Uninstall করা
- ফাইল ও ফোল্ডার গুছিয়ে রাখা
- Browser ঠিকভাবে ব্যবহার করা
- Download / Upload বোঝা
- Windows Settings সম্পর্কে ধারণা রাখা
- Virus বা অপ্রয়োজনীয় সফটওয়্যার চিনতে পারা
- Keyboard Shortcut ব্যবহার করা
- Drive, Storage ও File Type বোঝা
- Internet থেকে কিছু Download করার সময় কোনটা Safe আর কোনটা না সেটা বোঝা
মোবাইল চালানো আর প্রযুক্তি বোঝা এক জিনিস না
অনেকেই মোবাইল ব্যবহার করে, কিন্তু ফোনের গুরুত্বপূর্ণ সেটিংস কোথায় আছে সেটাই জানে না।
কম্পিউটারের ক্ষেত্রেও একই ব্যাপার। শুধু ওয়ার্ড বা এক্সেল শিখলেই কেউ কম্পিউটারে দক্ষ হয়ে যায় না। আগে প্রযুক্তিটা বুঝতে হবে, তারপর ধীরে ধীরে নির্দিষ্ট স্কিলের দিকে যেতে হবে।
শেষ কথা
বর্তমানে অনলাইনে কাজ শেখা বা আইটি সেক্টরে আসার আগ্রহ অনেক বেড়েছে। এটা অবশ্যই ভালো বিষয়। কিন্তু তাড়াহুড়া করে শুধু কোর্সের পিছনে না ছুটে আগে বেসিকটা শক্ত করা সবচেয়ে জরুরি।
কারণ,
শক্ত ভিত্তির উপরই বড় কিছু তৈরি করা যায়।

